শীতের রিক্ততার অবসান ঘটিয়ে প্রকৃতির মাঝে বসন্ত এসেছে কয়েকদিন হলো। তাই তো আজকের বিকেলটা দারুণ সৌন্দর্যে রূপ নিয়েছে। গাছে গাছে ফুল ফুটে আছে, ফুলের সুগন্ধ মৃদুমন্দ বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ছে। তাছাড়া পাখিরাও যেন বসন্তের গান গেয়ে বসন্তকে স্বাগত জানাচ্ছে। অনেকদিন পর আজ সবুজ পাতা আর ফুলের রঙে সেজে ওঠা প্রকৃতি মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি করেছে। আর তার সাথে তাল মিলিয়ে হামিদ মনজিল বাড়ির লোকেরাও আনন্দে মেতে উঠেছে। তার একটি কারণ আছে। কারণ আজ এই বাড়ির বড় নাতনি তানজিয়া জাহান নুসরাতকে দেখার জন্য শহর থেকে পাত্রপক্ষ আসছে। তাই তো আজ নুসরাতের মা মিসেস শিরিন হামিদ রান্নাঘরে বিভিন্ন ধরনের রান্না ও নাস্তার আয়োজন করছেন। তাকে সাহায্য করছেন তার ছোট মেয়ে তানিয়া জাহান তিশা এবং তার ছোট জা সুমাইয়া হোসেন।